আমাজন কেবল বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি নয়; এটি অ্যালগরিদম-পরিচালিত শ্রম ব্যবস্থারও অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ। গতি ও দক্ষতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কোম্পানির ব্যবসায়িক মডেল স্টোরেজ ও ডিস্ট্রিবিউশন শ্রমিকদের কাজকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখে এবং সেই সাথে নিয়মতান্ত্রিকভাবে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে সক্ষম ইউনিয়নগুলোকেও টার্গেট করে। Basta!-র এই তদন্ত ফ্রান্স ও কানাডার ঘটনার মাধ্যমে ইউনিয়ন সংগঠনের বিরুদ্ধে আমাজনের চাপ প্রয়োগের কৌশলগুলো পরীক্ষা করে। ইউনিয়ন প্রতিনিধিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ছাঁটাই থেকে শুরু করে যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরের বদলে হাজার হাজার শ্রমিককে বেকার করে দেওয়ার মতো কোম্পানির সিদ্ধান্ত—এই উদাহরণগুলো দেখায় যে ইউনিয়নবিরোধিতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাজনের শ্রম ব্যবস্থার মৌলিক উপাদান। যখন লজিস্টিকস খাত ও প্ল্যাটফর্ম পুঁজিবাদ দ্রুত প্রসারিত হচ্ছে এবং স্টোরেজ ও ডিস্ট্রিবিউশন শ্রমিকদের সংগঠিত হওয়ার লড়াই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন আমরা এই তদন্ত আমাদের পাঠকদের সাথে শেয়ার করছি, কারণ এটি আমাজনের ইউনিয়ন বিরোধী নীতি এবং শ্রম ব্যবস্থার উপর তার প্রভাব সম্পর্কে আলোকপাত করে।
আমাজন যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরের পরিবর্তে কেবেক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ফ্রান্সে এই ই-কমার্স জায়ান্টের গুদামে কর্মরত ইউনিয়ন কর্মীরা তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং তাদের কার্যক্রমে বাধা সৃষ্টিকারী কর্পোরেট সংস্কৃতিকে সবার সামনে উন্মুক্ত করেছে।
“আমরা বসের কাছে মাথা নত করি না; তাদের অস্বস্তিতে ফেলাই আমাদের কাজ। আমরা তাদের আমাদের পিষে ফেলতে দেব না।” তারা তাকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তাতিয়ানা কাম্পানিয়ে আবার কাজে ফিরেছেন, ভয় পাওয়ার কোনো ইচ্ছা তার নেই। ২০২৫ সালের আগস্টে অভিযুক্ত গুরুতর অসদাচরণের জন্য বরখাস্ত এই লজিস্টিকস কর্মচারী ও Sud-Solidaires ইউনিয়ন কর্মী (ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তিনি একটি চ্যাট গ্রুপে মানবসম্পদ পরিচালক সম্পর্কে অপমানজনক মেসেজ পাঠিয়েছেন) গত মার্চে তার চাকরি এবং ইউনিয়ন প্রতিনিধির দায়িত্ব—দুটোই ফিরে পেয়েছেন।
শেষ পর্যন্ত শ্রম মন্ত্রণালয় শ্রম পরিদপ্তর কর্তৃক অনুমোদিত এই বরখাস্তের আদেশ বাতিল করে। Basta!-র পর্যালোচনাকৃত মন্ত্রণালয়ের রায় অনুযায়ী, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে প্রশ্নবিদ্ধ মেসেজিং গ্রুপটি ছিল “ব্যক্তিগত” এবং বলেছে যে এটি “কর্মীদের বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে না।” তাছাড়া, “Élus-ES/mandates 2023” নামের গ্রুপটি ছিল ইউনিয়ন কর্মীদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য। সম্ভবত তার যেকোনো সহকর্মী এই চ্যাটের বিষয়বস্তু ম্যানেজমেন্টের কাছে ফাঁস করে দিয়েছিল।
Basta!-র তথ্য অনুযায়ী—যা আমাজনও নিশ্চিত করেছে—কোম্পানিটি এখন তাতিয়ানা কাম্পানিয়েকে চূড়ান্তভাবে বরখাস্ত করার লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে। কাম্পানিয়ে ও তার ইউনিয়ন সদস্য সহকর্মীরা নিশ্চিত যে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় তাদের সংগঠিত আন্দোলনের মাধ্যমে কোম্পানির গুদামগুলো সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করার মূল্য এখন তাদের দিতে হচ্ছে। Douai-এর কাছে Lauwin-Planque-এ আমাজনের একটি বড়ো ডিস্ট্রিবিউশন কেন্দ্রের Sud-Solidaires ইউনিয়নের সেক্রেটারি জেরোম গিইয়াঁ বলেন, “যেদিন থেকে আমরা গুদামগুলো বন্ধ করিয়েছি, সেদিন থেকেই আমরা চাপের মধ্যে আছি।” তিনিও গত ২৬ মার্চ থেকে বরখাস্তের হুমকির সম্মুখীন হয়েছেন।
২০২০ সালে কোভিডের মধ্যে Solidaires, CGT, FO এবং CFDT-র ইউনিয়ন প্রতিনিধিরা আমাজনকে নিজস্ব কর্মীদের জন্য স্বাস্থ্যবিধি ব্যবস্থা চালু করতে বাধ্য করতে পদক্ষেপ নিয়েছিলেন। শেষ পর্যন্ত আদালত আনুষ্ঠানিকভাবে কোম্পানিকে সতর্ক করে এবং তাদের কার্যক্রম সীমিত করার নির্দেশ দেয়। পরাজয় মেনে নিয়ে সেই অনুযায়ী কার্যক্রম সাজানোর পরিবর্তে আমাজন তার সব সর্টিং ও ডিস্ট্রিবিউশন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। Lauwin-Planque-এ তাতিয়ানা কাম্পানিয়েসহ Solidaires দল এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
“প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়া হয়। তারা এক এক করে আমাদের দলের প্রত্যেকের পেছনে লেগেছে। প্রথমে তাতিয়ানা; এখন আমার পালা,” বলেন জেরোম গিইয়াঁ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গিইয়াঁ ও Sud-Solidaires তাতিয়ানা কাম্পানিয়ের সমর্থনে ক্লিশিতে আমাজনের সদর দপ্তরের সামনে একটি বিক্ষোভের আয়োজন করেন। বিশ দিন পর তাকে বরখাস্ত-পূর্ব শুনানিতে ডাকা হয়। এবার ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তিনি আমাজন প্রধান জেফ বেজোস সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। ইউনিয়ন প্রতিনিধি বলেন যে “মন্তব্যগুলো রসিকতার ছলে করা হয়েছিল।” “কিন্তু ম্যানেজমেন্ট আসলে আমার ইউনিয়ন কার্যক্রম এবং তাতিয়ানার পুনর্বহাল নিয়ে উদ্বিগ্ন” বলে জানান তিনি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে ইউনিয়ন কর্মীরা তাতিয়ানা কাম্পানিয়ের সমর্থনে এবং ইউনিয়ন সদস্যদের উপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানাতে পদক্ষেপ নেন। কিন্তু চাপ শুধু Solidaires সদস্যদের উপরই আসেনি। ২০২৫ সালের মার্চে CGT অফিস কর্মীদের রিমোট ওয়ার্কের(ঘরে বসে কাজের সুযোগ) বাতিলের বিরোধিতা করে আমাজনের সদর দপ্তরের সামনে লিফলেট বিতরণ করে। প্রথমবারের মতো কোম্পানির নির্বাহীরা নিজেদের হাতে ইউনিয়নের লিফলেট পেয়েছিলেন। Saône-et-Loire-এর সেভরে গুদামের CGT প্রতিনিধি, ম্যানেজার ও টেকনিশিয়ানদের ইউনিয়নের শাখা উজিক্ট-এর সদস্য গিয়োম রবাঁ এই লিফলেট বিতরণে অংশ নিয়েছিলেন। ২০২৫ সালের শুরু থেকেই তিনি অফিস কর্মীদের রিমোট ওয়ার্ক বন্ধ করতে আরোপিত ব্যবস্থাগুলো সম্পর্কে তার সহকর্মীদের সতর্ক করার চেষ্টা করছিলেন। এই পদক্ষেপের তিন মাস পর, ২০২৫ সালের জুনে তাকে “সম্ভাব্য শাস্তিমূলক নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রাথমিক বৈঠকে” ডাকা হয় এবং পরবর্তীতে তাকে তিন দিনের জন্য বরখাস্ত করা হয়।
Basta!-র পর্যালোচিত শাস্তিমূলক নোটিশ অনুযায়ী, তার বিরুদ্ধে অভিযোগ ছিল “ইউনিয়ন সংগঠনের জন্য কোম্পানির মিটিং ও যোগাযোগ মাধ্যমের অপব্যবহার।” যেসব কর্মচারী ওই সভাগুলোতে উপস্থিত ছিলেন তাদের রিপোর্টের মাধ্যমে ম্যানেজমেন্টের কাছে অভিযোগ পৌঁছায়। ইউনিয়ন প্রতিনিধি নিজের পক্ষে বলেন, “আমি ইউনিয়নের কাজ করি আমার সহকর্মীদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন করতে এবং কোম্পানির কাছ থেকে তাদের দাবিগুলো আদায় করতে—যা আমাজন ঘৃণা করে এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ভয় পায়।”
আমাজনের ম্যানেজমেন্ট স্তরের অল্প কয়েকজন ইউনিয়ন সদস্যের একজন, গিয়োম রবাঁ একটি “ইউনিয়ন বিরোধী কর্পোরেট সংস্কৃতির” বর্ণনা দেন, যেখানে ইউনিয়ন কার্যক্রমকে এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়। ইউনিয়নের সদস্যদের “গোপনে” কাজ করতে হয়। তবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা পাওয়ার পর রবাঁ ম্যানেজমেন্ট পর্যায়ে বেশ কয়েকটি ইউনিয়ন শাখা প্রতিষ্ঠা করতে সক্ষম হন, যার মধ্যে ক্লিশি সদর দপ্তরের একটি শাখাও রয়েছে। তিনি এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করতে শ্রম আদালতে মামলা করেছেন এবং ইউনিয়ন বিরোধী বৈষম্যের ক্ষতিপূরণ দাবি করেছেন।
এসোন-এর Brétigny-sur-Orge ডিস্ট্রিবিউশন কেন্দ্রের Sud-Solidaires গ্রুপ এই কৌশলগুলোর সাথে ভালোমতোই পরিচিত। ইউনিয়ন প্রতিনিধি এবং কর্মক্ষেত্রের সামাজিক ও অর্থনৈতিক কমিটির সদস্য জোসেফ মুকোকো জানান, “আমরা নিয়মিত টার্গেটে পরিণত হই।” ২০২৬ সালের জানুয়ারিতে তিনি এবং প্রায় দশজন সহকর্মী ইউরোপীয় পার্লামেন্টে কর্মসংস্থান ও সামাজিক বিষয়ক কমিটির একটি শুনানি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রিত হন, যেখানে আমাজনের নির্বাহীদের ইউরোপে কোম্পানির ইউনিয়ন বিরোধী চর্চা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। এই প্রসঙ্গে অসংখ্য ঘটনা আলোচনায় আসে : ইতালির একটি ইউনিয়ন সেলে অনুপ্রবেশ, পোল্যান্ডে এক শ্রমিকের মৃত্যুর তদন্ত করার জন্য এক ইউনিয়ন কর্মীকে বরখাস্ত, এবং স্লোভাকিয়ায় এক ইউনিয়ন প্রতিনিধির পিতৃত্বকালীন ছুটির পর চাকরি বাতিল করা।
আমাজন এই ঘটনাগুলো সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে যে “ইউনিয়ন কার্যক্রমকে বিবেচনার বাইরে রেখেই তাদের সব শাস্তিমূলক কার্যক্রম পরিচালিত হয়” এবং “শাস্তিমূলক নিষেধাজ্ঞার সাথে ইউনিয়ন কার্যক্রম বা কোনো বাইরের অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই।”
Basta!-র সাক্ষাৎকারের মাধ্যমে সংগৃহীত বিবরণ একটি গভীরভাবে প্রোথিত ব্যবস্থাকে প্রকাশ করে, যা কেবল ইউনিয়ন কার্যক্রম নয়, কর্মীদের ব্যক্তিগত আচরণকেও টার্গেট করে। সাক্ষাৎকার দেওয়া ইউনিয়ন প্রতিনিধিরা নিষেধাজ্ঞা দেয়া হয় এমন অসংখ্য পরিস্থিতির কথা বলেছেন : গাড়ি ভুলভাবে পার্ক করা, প্যালেট ট্রাক ব্যবহারে ভুল, কথা বলায় সামান্য ভুল, বা কড়া ভাষায় কথা বলা… অরলেয়ঁ-র সারাঁ গুদামের Sud-Solidaires প্রতিনিধি জঁ-ফ্রঁসোয়া বেরো প্রতিদিন এই “অযৌক্তিক নিষেধাজ্ঞাগুলোর” মুখোমুখি হন এবং তিনি জানান যে এগুলো “সব শ্রমিককেই প্রভাবিত করতে পারে, কিন্তু ইউনিয়ন সদস্য এবং ম্যানেজমেন্টের টার্গেটদের ক্ষেত্রে বরখাস্তের প্রক্রিয়া অনেক দ্রুত হয়।”
শ্রম সমাজবিজ্ঞানী ফ্রান্সেসকো সাবাতো মাসিমোর মতে, ইউনিয়ন সদস্যদের টার্গেট করা হয় কারণ তারাই আমাজনের অর্থনৈতিক ও সাংগঠনিক মডেলকে চ্যালেঞ্জ করতে পারবে। ২০২৫ সালে কোম্পানিটি বিশ্বব্যাপী ১৫ লক্ষেরও বেশি কর্মী নিয়ে ৬৫.৭৫ বিলিয়ন ইউরো মুনাফা করেছিল। এই কর্মীদের বেশিরভাগই এর গুদামগুলোতে কাজ করে। শুধু ফ্রান্সেই ২৫,০০০-এরও বেশি শ্রমিক গুদামে কাজ করেন। এই মুনাফা মূলত অ্যালগরিদম দ্বারা পরিচালিত সূক্ষ্মভাবে পরিকল্পিত কর্মসংগঠনের উপর নির্ভরশীল।
এই সমাজবিজ্ঞানীর গবেষণা দেখায় যে, কোম্পানি দক্ষতা বাড়ানোর জন্য চাপ প্রয়োগের পদ্ধতি ব্যবহার করে—যার মধ্যে রয়েছে কাজের চাপ, ব্যক্তিগত কর্মক্ষমতা মূল্যায়ন এবং স্থায়ী চাকরির প্রতিশ্রুতি। সেই সাথে এটি এমন ইউনিয়নগুলোকেও টার্গেট করে যারা ভালো মজুরি দাবি করে এবং অতিরিক্ত কাজের গতি ও এর ফলে কর্মক্ষেত্রে ঘটা দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তিনি এই পরিস্থিতি সংক্ষেপে ব্যাখ্যা করতে গিয়ে বলেন : “আমাজন তার শ্রমিকদের শ্রমশক্তিকে কাজে লাগায়, কিন্তু সেই সাথে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার সম্ভাবনাকে নিষ্ক্রিয় করে।” তিনি আরো জানান, “ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আসল বিপদ হলো এমন ইউনিয়নের উপস্থিতি, যারা মজুরি এবং কাজ কীভাবে সংগঠিত হয় তাতে হস্তক্ষেপ করতে সক্ষম।”
সাবেক শ্রম পরিদর্শক এবং বর্তমানে La France Insoumise-এর ইউরোপীয় পার্লামেন্ট সদস্য অ্যান্টনি স্মিথ পরিস্থিতিটিকে এভাবে বর্ণনা করেন : “আমাজন অক্ষমতার অজুহাতে শ্রমিকদের বরখাস্ত করে যাতে তাদের জন্য উপযুক্ত পদ তৈরি করতে না হয়; তারা এমন একটি অক্ষত শ্রমশক্তি চায় যাতে তাদের শারীরিক সক্ষমতার ১০০% ব্যবহার করা যায়। সেজন্য শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষাকারী ইউনিয়ন কর্মীরা আমাজনের কাজের মডেলকে ব্যাহত করে।”
যখন আমাজন শ্রমিকদের সংগঠিত হওয়া ঠেকাতে পারে না, তখন এটি তার ইউনিয়ন বিরোধী কাজকর্ম আরো খারাপ পর্যায়ে নিয়ে যায়। ২০২৫ সালের ২২ জানুয়ারি কোম্পানিটি কেবেকে তাদের সাতটি স্টোরেজ, সর্টিং ও ডিস্ট্রিবিউশন কেন্দ্র বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। প্রকাশ্যে এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে বহুজাতিক প্রতিষ্ঠানটি নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা বলে। কিন্তু পর্দার আড়ালে আমাজন এমন একটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল যা তারা আগে থেকে অনুমান করতে পারেনি : তাদের কেন্দ্রগুলোতে ইউনিয়ন শাখার প্রতিষ্ঠা।
২০২৩ সালে যখন কেবেকের বৃহত্তম মিলিট্যান্ট ইউনিয়ন Confédération Syndicale Nationale (CSN) মন্ট্রিয়লের পূর্বে একটি ডিস্ট্রিবিউশন কেন্দ্রে সংগঠিত করার অভিযান শুরু করে, তখন আমাজন কর্মক্ষেত্রের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্রামাগারেও কর্তৃত্বমূলক ইউনিয়ন বিরোধী পোস্টার লাগিয়ে দেয়। পোস্টারগুলোতে লেখা ছিল, “নিজের স্বাক্ষর নিজের কাছে রাখুন। ইউনিয়ন কর্মক্ষেত্রে পরিবর্তনের নিশ্চয়তা দিতে পারে না” এবং “ইউনিয়ন আপনার কাছ থেকে সদস্য ফি আদায় করবে।” এই অভিযানের পর CSN সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করার এবং সার্টিফাইড বার্গেইনিং এজেন্ট হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু অল্প ব্যবধানে ব্যর্থ হয়। তবে ২০২৪ সালে এটি ইউনিয়ন কার্যক্রমে বাধা দেওয়া বিষয়ক মামলায় কোম্পানির বিরুদ্ধে আদালতে জয়লাভ করে।
সেই বছরই CSN আবার পদক্ষেপ নেয় এবং মন্ট্রিয়লের উত্তরে লাভালে আরেকটি ডিস্ট্রিবিউশন কেন্দ্রে গোপনে একটি ইউনিয়ন শাখা প্রতিষ্ঠার চেষ্টা করে। তাদের এই প্রয়াস সফল হয় এবং ২০২৪ সালের মে মাসে কানাডায় আমাজনের প্রথম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য ছিল এই ই-কমার্স জায়ান্টকে একটি যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরে বাধ্য করা, যা কাজের শর্ত, মজুরি ও জ্যেষ্ঠতার নিয়ম নিয়ন্ত্রণ করবে এবং ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রমিকদের আরও বেশি সুরক্ষা দেবে।
উত্তর আমেরিকার কোথাও আমাজন তার শ্রমিকদের সাথে এমন কোনো যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষর করেনি। লাভাল কেন্দ্রের একজন শ্রমিক ফেলিক্স ট্রুডো, যিনি ইউনিয়ন প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তিনি জানান যে ইউনিয়ন প্রতিষ্ঠার কয়েক দিন পর কোম্পানির ম্যানেজাররা কেন্দ্রে এসেছিলেন : “আসলে তারা ছিল ম্যানেজমেন্টের উসকানিদাতা, ধর্মঘট ভাঙানোর লোক। তারা ঘুরে ঘুরে শ্রমিকদের সাথে কথা বলছিল, জিজ্ঞেস করছিল তারা কেমন আছে এবং তাদের কোনো সমস্যা আছে কিনা, আর বলছিল যে তাদের ইউনিয়নে যোগ দেওয়ার দরকার নেই।” কয়েক মাস পর আমাজন কেবেকের সব শ্রমিকের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়… কেবল লাভাল কেন্দ্রের শ্রমিকরা বাদে।
২০২৪ সালের শেষ নাগাদ ম্যানেজমেন্টের সাথে আলোচনা অচলাবস্থায় পৌঁছে যায়, ফলে CSN-এর সামনে মাত্র একটিই বিকল্প থাকে। কেবেকে ইউনিয়ন ও কোম্পানি একমত হতে না পারলে রাষ্ট্র একজন বিচারক নিয়োগ করে, যিনি কেবেক শ্রম আইনের ন্যূনতম মান পূরণ করে এমন একটি যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরের আদেশ দিতে পারেন। ২০২৫ সালের ২২ জানুয়ারি ফেলিক্স ট্রুডো প্রশাসনিক শ্রম ট্রাইব্যুনালের সামনে চূড়ান্ত দফা আলোচনার জন্য উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই আলোচনার পর যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরের আদেশ দেয়ার মতো একজন বিচারক নিয়োগ করার কথা। কিন্তু সেদিন সকালেই তিনি CSN-এর আইনজীবীর কাছ থেকে মেসেজ পেলেন : “শুনানি বাতিল, আমাজন কেবেক থেকে সরে যাচ্ছে।”
যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষরের পরিবর্তে আমাজন কেবেকে তার কেন্দ্রগুলো চালানো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এক মাসের মধ্যে ৪,৫০০ মানুষ চাকরি হারান। কেবেকে এখন তাদের প্যাকেজ সর্টিং ও শিপিং সাব-কন্ট্রাক্টরদের মাধ্যমে পরিচালিত হয়, যা কোম্পানিটির জন্য অত্যন্ত অস্বাভাবিক এক পদক্ষেপ। ফেলিক্স ট্রুডো বলেন, “আমাদের সম্মিলিত চুক্তি যুক্তরাষ্ট্রের আমাজন শ্রমিকদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারত। সেটাই আমাজন সহ্য করতে পারেনি,” তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের একমাত্র ইউনিয়নভুক্ত আমাজন গুদাম স্টেটেন আইল্যান্ড কেন্দ্রে ক্রিস স্মলস ও তার ইউনিয়ন আমাজন লেবার ইউনিয়ন আজও যৌথ দরকষাকষি চুক্তির জন্য লড়াই করছে।
মে মাসের শুরুতে আমাজন ফ্রান্সে ১৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেয়, যেখানে ৭,০০০ নতুন চাকরি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। মনে হয় কোম্পানিটি তার ইউনিয়ন বিরোধী মডেল বজায় রেখেই কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখবে। অ্যান্টনি স্মিথ এই পদ্ধতির সমালোচনা করে বলেন : “এই চাকরিগুলোর পেছনে তিন গুণ বেশি সাব-কন্ট্রাক্টিং কোম্পানি রয়েছে, যারা আমাজনের জন্য কাজ করবে এবং এর মডেল অনুসরণ করবে। আমাজন নিয়মতান্ত্রিক ও ইচ্ছাকৃতভাবে শ্রম আইন লঙ্ঘন করে, যা নিয়োগকর্তাদের জন্য চরম খারাপ উদাহরণ স্থাপন করছে।”
