War & Peace

ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুত হেব্রনের পরিবারগুলো জানে না তারা কবে ফিরতে পারবে

ইসরায়েলি বাহিনী হেব্রনে ৪০৭টি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে।
হেব্রনে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে দেইর বাহা, আল-জালদেহ এবং ফারশ আল-হাওয়া সহ বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ইব্রাহিমি মসজিদ মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর সাক্ষ্য থেকে জানা গেছে যে, তাদের আইডি কার্ড এবং মাত্র কয়েক টুকরো কাপড় নিয়ে ঘর ছাড়ার জন্য মাত্র কয়েক মিনিট থেকে এক ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। হেব্রনের মেয়র ইউসেফ আল-জাবারির দেওয়া তথ্য অনুযায়ী, এই নিবন্ধটি মানবিক সংকটের বিস্তারিত চিত্র তুলে ধরেছে: এতে ২,৬৪৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে ১,১০৯ জন শিশু রয়েছে। ১৬৮ জনের থাকার মতো কোনো নিরাপদ জায়গা নেই। তাদের জরুরি প্রয়োজনের মধ্যে খাবার ও ওষুধ থেকে শুরু করে মনস্তাত্ত্বিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

২৪ অক্টোবরের ভোরে, ইসরায়েলি সেনারা হেব্রনের দেইর বাহা এলাকায় মুয়াম্মার আল-আওইওইর বাড়িতে চড়াও হয় এবং পরিবারটিকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

৫৩ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তাড়াহুড়ো করে বের হওয়ার সময় তারা কেবল তাদের পরিচয়পত্র এবং কয়েক টুকরো কাপড় সঙ্গে নিতে পেরেছিলেন। তারা আতঙ্কিত ও দিশেহারা অবস্থায় পায়ে হেঁটে হারেত আল-শেখ এলাকায় তার বাবার বাড়ির দিকে রওনা হন।

“আমরা দ্রুত কেবল আমাদের আইডি কার্ড এবং কিছু কাপড় নিয়েছিলাম,” আল-আওইওই বলেন। “তারা আমাদের বাড়ি থেকে অন্য কিছু নিতে দেয়নি।”

হেব্রনে এখন ইসরায়েলি সামরিক অভিযানের পঞ্চম দিন চলছে। এই অভিযানের ফলে শহরের প্রবেশ ও বাহিরের পথগুলো অবরুদ্ধ করা হয়েছে, পাড়াগুলোর ভেতরে চলাচল সীমিত করা হয়েছে এবং পরিবারগুলোকে দেইর বাহা, আল-জালদেহ, ফারশ আল-হাওয়া এবং অন্যান্য এলাকা থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিমি মসজিদ মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

২৪ অক্টোবর হেব্রন শহরের কাছে একটি বন্দুক হামলার পর এই সামরিক অভিযান শুরু হয়, যে হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

আল-আওইওই প্রতিবেশী মাজেদা হুসেইন শোয়েইকি আল-জাবারি একজন বিধবা, যিনি উম্মে ইয়াজান নামে পরিচিত। তিনি পালিয়ে যাওয়ার জন্য মাত্র এক ঘণ্টা সময় পেয়েছিলেন।

“দখলদার বাহিনী সামরিক যান নিয়ে এসেছিল। আমরা ঘরের ভেতরে থাকা অবস্থায় তারা লাউডস্পিকারে আমাদের অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দেয়,” তিনি বলেন। “তারপর তাদের কয়েকজন আমাদের বাড়িতে ঢুকে পড়ে এবং বলে যে আমাদের এক ঘণ্টার মধ্যে চলে যেতে হবে এবং সবাইকে চলে যেতে হবে।”

“তারা যখন আমাদের এখনই চলে যেতে বলল, তখন আমরা ভয় ও দুঃখ অনুভব করেছিলাম। প্রত্যেককে কেবল একটি ছোট ব্যাগ বহন করার অনুমতি দেওয়া হয়েছিল,” তিনি বলেন। “আমরা শুধু জরুরি জিনিসগুলো নিয়েছিলাম: পরিচয়পত্র আর কাপড়, আর কিছু নয়।”

তার পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় তিন ছেলে ও দুই মেয়ে উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছে এবং অফিসিয়াল তওজিহি (Tawjihi) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

“সে বুঝতে পারছিল না কোন বই আর স্কুলের পোশাক সাথে নেবে। সে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং যা পেয়েছিল তাই আঁকড়ে ধরেছিল। এখন সে পড়াশোনা করতে পারছে না” উম্মে ইয়াজান বলেন। “তার ভাইবোনেরা যে বাড়িটি ছেড়ে এসেছে, তার জন্য শোক করছে।”

পরিবারটি এখন চার কিলোমিটার দূরে আকাবাত তফুহ গ্রামে তার ভাইয়ের বাড়িতে থাকছে। “আমি জানি না কতদিন এভাবে চলবে, আমরা কবে ফিরব তাও জানি না, আর আমাদের ঘরবাড়ির কী হবে তাও জানি না,” তিনি বলেন।

হেব্রন গভর্নরেট কর্তৃক গঠিত ত্রাণ ও সহায়তা কমিটির তথ্য অনুযায়ী, পৌরসভা ৪০৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্ত করেছে, যার মোট জনসংখ্যা ২৬ জন। হেব্রনের মেয়র ইউসেফ আল-জাবারি মন্ডোওয়েসকে (Mondoweiss) জানিয়েছেন, তাদের মধ্যে ১,১০৯ জন শিশু রয়েছে (যার মধ্যে ১৮০ জনের বয়স দুই বছরের কম), ২১৮ জন বয়স্ক ব্যক্তি, ১১৫ জন গর্ভবতী বা স্তন্যদায়ী নারী, ২৮ জন প্রতিবন্ধী এবং ১৬২ জন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

ঐ পরিবারগুলোর মধ্যে ১৬৮ জনের থাকার মতো কোনো নিরাপদ জায়গা নেই। অন্য ১৯৮ জন আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন, ১৯ জন ভাড়া বাড়িতে আছেন এবং ২২ জন অন্যান্য ব্যবস্থার সন্ধান পেয়েছেন। কমিটি জরুরি প্রয়োজনের তালিকায় খাবার, নগদ সহায়তা, ওষুধ, চিকিৎসা সামগ্রী, শিশুখাদ্য, ডায়াপার, পানি, পোশাক, গদি, কম্বল এবং মনস্তাত্ত্বিক সহায়তার কথা উল্লেখ করেছে।

“এলাকাটিসম্পূর্ণখালিকরাহয়েছে”

আল-জাবারি বলেন, ইসরায়েলি বাহিনী প্রথমে লাউডস্পিকারের মাধ্যমে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। মানুষ যখন অস্বীকৃতি জানায় এবং থাকার জন্য জোর দেয়, তখন সেনারা তাদের বাড়িতে আক্রমণ করে এবং তাদের জোরপূর্বক সরিয়ে দেয়।

“শহরটি প্রতিটি ক্ষেত্রেই একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে: সামরিক, মানবিক ও অর্থনৈতিক—সব দিক থেকেই। দেইর বাহার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আবাসিক এলাকাটি প্রায় ৩৩০ দুনাম জুড়ে বিস্তৃত। সেখানে প্রায় ৪৯৫টি আবাসন ইউনিট রয়েছে, যেখানে শিশু, নারী ও বয়স্কসহ প্রায় ২,২০০ মানুষ বসবাস করেন,” আল-জাবারি বলেন।

গভর্নরেটের উদ্যোগে পৌরসভা, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সরকারি ও নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে হেবরনের গভর্নর খালেদ দৌদিন বলেন, বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা এবং জোরপূর্বক বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া পরিবারগুলোকে সহায়তা করাই এখন অগ্রাধিকার।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া, তাদের প্রয়োজন মূল্যায়ন করা এবং জরুরি সহায়তার সমন্বয় করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

একটিপঙ্গুঅর্থনীতি

গভর্নরেট কর্তৃক পৌরসভা, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং অফিসিয়াল ও নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোর সাথে ডাকা এক জরুরি সভায় হেব্রনের গভর্নর খালেদ দাউদিন বলেন, প্রধান অগ্রাধিকার ছিল বাসিন্দাদের রক্ষা করা এবং তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া পরিবারগুলোকে সহায়তা করা।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে, তাদের প্রয়োজন মূল্যায়ন করতে এবং জরুরি সহায়তার সমন্বয় করতে একটি কমিটি নিয়োগ করেন।

হেব্রন হলো পশ্চিম তীরের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র এবং এই অবরুদ্ধ অবস্থা সেই কার্যক্রমের অনেকটাই স্তব্ধ করে দিয়েছে।

আল-জাবারি জানান, শ্রমিকরা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, পণ্য শহরের ভেতরে বা বাইরে নেওয়া যাচ্ছে না এবং বেশ কয়েকটি কারখানা তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ফলে রাস্তাঘাট, সুযোগ-সুবিধা এবং অবকাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে পানির লাইন এবং পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক রয়েছে বলে তিনি জানান।

মেয়র হেব্রনের রাস্তাগুলোকে প্রায় জনশূন্য বলে বর্ণনা করেছেন, যেখানে দিন-রাত ইসরায়েলি সামরিক যানবাহন টহল দিচ্ছে এবং বাসিন্দাদের মধ্যে ভয় ছড়াচ্ছে।

বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তারা বলছেন, এই অভিযান হেব্রনের কিছু অংশে বছরের পর বছর ধরে চলা বিধিনিষেধকে আরও বাড়িয়ে দিয়েছে, যার মধ্যে ওল্ড সিটি এবং ইব্রাহিমি মসজিদের চারপাশের বন্ধ রাস্তাঘাট অন্তর্ভুক্ত রয়েছে।

ইব্রাহিমি মসজিদ এখন তিন দিন ধরে মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ রয়েছে বলে আল-জাবারি জানান। এর স্টাফ, ইমাম এবং মুয়াজ্জিনকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, যার ফলে আযান দেওয়া স্থগিত রয়েছে।

“মসজিদের গেট ফিলিস্তিনিদের জন্য বন্ধ রাখা হয়েছে, অথচ বসতি স্থাপনকারীদের (settlers) ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে,” তিনি বলেন।

আল-জাবারি বলেন, এই বন্ধের ঘটনা ইবাদতের স্বাধীনতা এবং মসজিদের ধর্মীয় ও ঐতিহাসিক অবস্থানের লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আরব ও ইউরোপীয় রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এটি পুনরায় খোলার দাবি জানাতে এবং হেব্রন পরিচালনাকারী চুক্তি ও আইনকে সম্মান করার আহ্বান জানান।

যৌথশাস্তি

মানবাধিকার কর্মী হিশাম শরাবাতি বলেন, কোনো সামরিক প্রয়োজন ছাড়াই আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া একটি যৌথ শাস্তি (collective punishment), এবং এই ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

“ক্ষয়ক্ষতি ঘরবাড়ি ছাড়িয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত হয়েছে,” শরাবাতি বলেন, এমন এক সময়ে যখন ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান বছরের পর বছর ধরে খারাপ হচ্ছে। গ্রিন লাইনের (Green Line) ভেতরে কর্মরত ফিলিস্তিনিরা মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন, অন্যদিকে সরকারি খাতের কর্মচারীরা বছরের পর বছর ধরে তাদের পুরো বেতন পাচ্ছেন না। ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস করা প্রসঙ্গে তিনি বলেন, এটি “সংকটকে আরও গভীর করে এবং পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে।”

হেব্রন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য এবং ক্রাইসিস সেলের সদস্য সুহাইল আশৌর বলেন, পৌরসভা শহর এবং এর বাসিন্দাদের ওপর হওয়া লঙ্ঘন ও ক্ষয়ক্ষতি নথিবদ্ধ করে একটি আইনী ফাইল তৈরি করছে, যার উদ্দেশ্য হলো এটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (International Criminal Court) পেশ করা।

ফাইলটিতে বাসিন্দাদের সাক্ষ্য, বাড়ি থেকে উচ্ছেদ, সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং চলাচলের বিধিনিষেধ অন্তর্ভুক্ত থাকবে বলে আশৌর জানান। পৌরসভা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ, সাক্ষ্য রেকর্ড এবং নতুন ঘটনা ঘটার সাথে সাথে তা যুক্ত করার জন্য একটি নিবেদিত দল গঠনের পরিকল্পনা করছে।

আশৌর চতুর্থ জেনেভা কনভেনশনের (Fourth Geneva Convention) ৩৩, ৪৯ এবং ৫৩ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যা দখলকৃত ভূখণ্ডে যৌথ শাস্তি, জনসংখ্যার জোরপূর্বক স্থানান্তর এবং সম্পত্তি ধ্বংস করাকে নিয়ন্ত্রণ করে।

“পরিবারগুলোকে নিরাপদ বাসস্থান থেকে বঞ্চিত করা এবং তাদের ঘরবাড়ি থেকে বাধ্য করাকে কেবল সাধারণ মাঠপর্যায়ের পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয়,” তিনি বলেন। “এই কাজগুলোর নথিপত্র এবং আইনী জবাবদিহিতা প্রয়োজন।”

হেব্রনের বাস্তুচ্যুত বাসিন্দাদের মনে এখন শুধু একটাই প্রশ্ন—তারা কবে ফিরতে পারবে এবং সেখানে তাদের জন্য কী অপেক্ষা করছে।

আল-আওইওই বলেন, বন্দুকের মুখে আকস্মিক এই বহিষ্কার গভীর মানসিক ক্ষত রেখে গেছে, বিশেষ করে পরিচিত সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদের জন্য, যাদের কোনো ধারণা নেই তারা আদোও কখনো বাড়ি ফিরতে পারবে কিনা। তিনি আশা করেন যে এটি যত কম সম্ভব ক্ষয়ক্ষতির মাধ্যমে শেষ হবে এবং পরিবারগুলো তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে।

“আজ আমরা আমার বাবার বাড়িতে বাস্তুচ্যুত অবস্থায় আছি,” তিনি বলেন। “এবং আমরা জানি না আমরা কবে ফিরে যাব, আমি কি ফিরে গিয়ে আমার বাড়িটি অক্ষত পাব?”

Available in
EnglishSpanishPortuguese (Brazil)GermanFrenchItalian (Standard)ArabicHindiBengaliRussian
Translators
Selina Begum and ProZ Pro Bono
Date
11.11.2026
Source
MondoweissOriginal article🔗
War & PeaceMigration
Progressive
International
Privacy PolicyManage CookiesContribution SettingsJobs
Site and identity: Common Knowledge & Robbie Blundell