মূলত Black Alliance for Peace-এ প্রকাশিত হয়েছিল।
ত্রিনিদাদ ও টোবাগোর ফাইজাবাদের শ্রমিক দিবসের উদযাপনের সময় Justice for Kaia Sealy আন্দোলনের নেতা অ্যালিসা ফিলিপকে গ্রেপ্তার করা হয়েছে। এটি স্পষ্টভাবে দেখায়, কীভাবে রাষ্ট্রের ক্ষমতা ন্যায়বিচারের বৈধ দাবিগুলো দমন করতে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে, এটি উদ্বেগজনকভাবে তুলে ধরে যে সরকার বর্তমান মার্কিন শাসনব্যবস্থার অবস্থানের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়েছে, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ডের প্রতি ন্যূনতম অঙ্গীকারের ভানও আর রাখা হচ্ছে না।
শ্রমিক দিবসে এই গ্রেপ্তারের ঘটনা ছিল বিশেষভাবে গুরুতর। বিশেষ অভিযান-সজ্জিত পুলিশ সদস্যরা অ্যালিসা ফিলিপ এবং তাঁর মাকে ঘিরে ফেলে। এরপর তাঁকে পুলিশের একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি ছিল, ফিলিপ কোনো শ্রমিক সংগঠনের সদস্য নন, তাই তিনি মিছিলে অংশ নিতে পারেন না। তবে শ্রমিক সংগঠনের নেতারা এই যুক্তিকে সর্বসম্মতভাবে "অযৌক্তিক" বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, শ্রমিক দিবসের উদ্ যাপনে সব সময়ই সব নাগরিককে স্বাগত জানানো হয়, এবং ফিলিপকেও আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
কাইয়া সিলির সাবেক স্কুলসঙ্গী অ্যালিসা ফিলিপ ২০ জানুয়ারির পুলিশি গুলির ঘটনার স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে ১৯টি বিক্ষোভ সংগঠিত করেছেন। ওই ঘটনায় জোশুয়া সামারু নিহত হন এবং কাইয়া সিলি গুরুতর আহত হন। সিলি একজন মা এবং পেশায় একজন হেয়ারস্টাইলিস্ট। তাঁর বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। আন্দোলনের সমর্থকেরা যথার্থভাবেই এই ঘটনাকে ন্যায়বিচার, মানবাধিকার, গণতন্ত্র এবং জাতীয় জবাবদিহির লড়াই হিসেবে উপস্থাপন করেছেন। তাঁদের মতে, এই প্রশ্নগুলো কেবল আইনি কারিগরি বিষয়ে সীমাবদ্ধ নয়; বরং এগুলো সেই মৌলিক নীতির সঙ্গে সম্পর্কিত, যেখানে কোনো প্রতিষ্ঠানই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।
ফিলিপের সাম্প্রতিক গ্রেপ্তার দমন-পীড়নের একটি বৃহত্তর ধারার অংশ। এই ধারা শুরু হয় জরুরি অবস্থার সময় "নো-প্রোটেস্ট জোন" চালুর মাধ্যমে। পরে পরিস্থিতি আরও কঠোর হয়ে ওঠে, যখন ত্রিনিদাদ ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। ২০২৫ সালের শেষ দিকে সরকার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয় এবং যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। এর ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়। একই সময়ে দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোর করা হয়। এই ব্যবস্থার আওতায় ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। সামারু–সিলি ঘটনার প্রতিবাদে আন্দোলন জোরদার হওয়ার পরপরই এই বিধিনিষেধ কার্যকর করা হয়।
এর আগে ফিলিপ এবং তাঁর মাকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁদের TT$10,000 জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এবং জননিরাপত্তার জন্য ক্ষতিকরভাবে জনমত প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছিল জরুরি ক্ষমতা বিধিমালার অধীনে। এই অভিযোগগুলো উদ্বেগজনকভাবে মানুষের প্রতিবাদ করা এবং মুখ খোলার কাজকেই অপরাধ হিসেবে গণ্য করে। এটি নিছক ভয় দেখানোর চেষ্টা। উদ্দেশ্য একটাই—কর্তৃপক্ষের কাছে অস্বস্তিকর একটি কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া।
এই গ্রেপ্তারকে সরকারের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কাঠামোকে সম্পূর্ণভাবে গ্রহণ করার বৃহত্তর প্রেক্ষাপটেও দেখতে হবে। ক্ষমতায় আসার পর থেকে UNC সরকার ত্রিনিদাদ ও টোবাগোর নীতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। তারা যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিধ্বনি করেছে এবং তার সবচেয়ে বিতর্কিত ভূরাজনৈতিক সিদ্ধান্তগুলোকেও সমর্থন করেছে।
প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "সব মাদক পাচারকারীকে সহিংসভাবে হত্যা করা উচিত।" তিনি টোবাগোতে সামরিক মানের একটি রাডার ব্যবস্থা স্থাপনসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন।
ভেনেজুয়েলা, কিউবা ও ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে ত্রিনিদাদ ও টোবাগো সরকারের ঘনিষ্ঠ সামঞ্জস্য স্পষ্ট। সরকার Hezbollah, Hamas, IRGC এবং Tren de Aragua-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। একই সময়ে, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদারের সময় দেশের ভেতরে "নো-প্রোটেস্ট জোন" কার্যকর করাসহ বিক্ষোভবিরোধী ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
এর ফলে সরকার এমন নীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছে, যেগুলো মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং জাতিসংঘ সনদ লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত বলে স্বীকৃত। বিশেষ করে, যখন এসব ঘোষণা ও নিরাপত্তা ব্যবস্থা ভিন্নমতকে অপরাধ হিসেবে চিহ্নিত করে এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে বিদেশি সামরিক লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করে।
সরকার Caricom-এর দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান এবং "Zone of Peace" নীতি থেকেও সরে এসেছে। এমনকি তারা এই আঞ্চলিক সংস্থাকে "অবিশ্বস্ত অংশীদার" বলেও উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি এই নির্ভরশীলতার প্রভাব দেশের রাজনৈতিক বৈধতা এবং জাতীয় সার্বভৌমত্বের ওপর পড়ছে। জবাবদিহি ও মৌলিক মানবাধিকারের পরিবর্তে আইন প্রয়োগ এবং বিধিনিষেধকে অগ্রাধিকার দেওয়ার এই নিরাপত্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সেই একই নীতির প্রতিফলন, যা যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে।
"নিরাপত্তা”র নামে বিক্ষোভ দমনও সেই নীতিরই অংশ। যখন কোনো সরকার ন্যায়বিচার ও মানবাধিকারের পরিবর্তে শৃঙ্খলাকে অগ্রাধিকার দেয় এমন বহিরাগত শক্তির প্রভাব গ্রহণ করে, তখন সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় দেশের ভিন্নমত।
ত্রিনিদাদ ও টোবাগোর জনগণ এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। আমরা অ্যালিসা ফিলিপ এবং সত্য, ন্যায়বিচার ও মানুষকেন্দ্রিক মানবাধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি।
